চলমান রাজনৈতিক অস্থিরতায় ইউট্যাব`র উদ্বেগ প্রকাশ
চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশের শিক্ষা কার্যক্রম প্রায় ধ্বংসের পর্যায়ে উপণীত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সোমবার সন্ধ্যায় সংগঠনের ৬২৫ জন শিক্ষকের পক্ষে দেয়া এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট রাজনৈতিক কারণে সৃষ্টি হয়েছে। এর মূলে রয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারির প্রায় ভোটারবিহীন নির্বাচন। এমতাবস্থায় অবিলম্বে সঙ্কট নিরসন করে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বিবৃতিদাতা শিক্ষকেরা হলেন- ইউট্যাব’র সভাপতি ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতার ছাড়াও বিবৃতিতে আরো স্বাক্ষর করেন- ড. আব্দুল আজিজ, এম ফরিদ আহমেদ, ড. মোর্শেদ হাসান খান, ড. গোলাম রব্বানী, ড. মাহফুজুল হক, ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. আ ন ম মুনীর আহমদ চৌধুরী, ড. সিদ্দিক আহমদ চৌধুরী, ড. এম এ বারি মিয়া, নজরুল ইসলাম, কে এম শাহাদাত, ড. শামসুল আলম সেলিম, ড. সাব্বির মোস্তফা খান, ডা: সাইফুল ইসলাম, ড. গোলাম আরিফ কেনেডি, আ ফ ম আরিফুর রহমান, ড. হারুন অর রশীদ, বেলাল হোসেন, ড. মো: মিজানুর রহমান প্রমুখ।
বিবৃতিতে শিক্ষকেরা আরো বলেন- বিরোধী জোটের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বিশেষকরে গাজীপুর এবং ৫ জানুয়ারির ঢাকার জনসভা করতে না দিয়ে সরকার যে অগণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে তা কারো কাম্য ছিল না। সরকারের এহেন অসহিষ্ণু আচরণের ফলে বিরোধীজোট বিগত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ এবং হরতাল কর্মসূচী পালন করছে যাতে দেশের শিক্ষা কার্যক্রম মারাত্মভাবে ব্যাহত হচ্ছে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাঙ্গনে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করেনি।
তারা আরো বলেন, আমরা মনে করি, একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে সহাবস্থানসহ সকলের মতামত প্রকাশের যে গণতান্ত্রিক দাবি করেছে তা যৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের উচিত সকল ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা এবং সকল ছাত্রের শিক্ষা কার্যক্রমে সমান অংশগ্রহণের সুযোগ দিয়ে সব ছাত্র সংগঠনের মত প্রকাশের সমান অধিকার নিশ্চিত করা।
ইউট্যাব মনে করে হরতাল-অবরোধের পাশাপাশি ছাত্র সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট শিক্ষা কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করবে। তাছাড়া বর্তমানের ভীতিকর ও নিরাপত্তাহীন পরিবেশে ছাত্র-শিক্ষকের ক্লাশে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে যা জাতির জন্য দূর্ভাগ্যজনক।
বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ছাত্র-শিক্ষক কারো ক্লাসে অংশগ্রহণ নিরাপদ নয়। কার্যকর ও ফলপ্রসু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনতিবিলম্বে সকল দলের সাথে সমঝোতায় পৌঁছে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেশ ও জাতিকে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি।
এমএম/আরএস/আরআই