স্ত্রী-মেয়ে আমেরিকায়, খিলক্ষেতের বাসায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ
রাজধানীর খিলক্ষেত থানাধীন লেকসিটি এলাকার একটি বাসা থেকে ফারুক কবির বাদল (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ফারুক কবির বাদল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার টিভি মালদা এলাকার প্রয়াত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর খিলক্ষেতের ওই বাসায় একাই থাকতেন। তার স্ত্রী ও মেয়ে আমেরিকায় থাকেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস জানান, খবর পেয়ে শনিবার বিকেল ৪টার দিকে খিলক্ষেতের লেকসিটি এলাকার একটি ফ্ল্যাটের ড্রয়িং রুম থেকে অর্ধগলিত অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এসআই জীবন চন্দ্র আরও জানান, নিহত ব্যক্তি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তিনি নিজেই রান্না করে খেতেন। তার এক মেয়ে ও স্ত্রী আমেরিকায় থাকেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণেই কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমিন/এমএমকে