নতুন বিচারপতিদের শপথ ১২ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০৩:০০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১০ বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওইদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে সোমবার প্রধান বিচারপতির সুপারিশক্রমে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ নতুন ১০ জনকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। সোমবার রাতে সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগ পাওয়া নতুন ১০ বিচারপতি হলেন সুপ্রীম কোর্টের বর্তমান রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, অবসরপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান, গাজীপুর জেলা ও দায়রা জজ আমীর হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী, সুপ্রীম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব, খিজির আহমেদ এবং ইকবাল কবির লিটন।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই ১০ জনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। দুই বছর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হবে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।