পাকিস্তানের কাছে এক লাখ কোটি টাকা পাওনা
পাকিস্তানের কাছে আমরা এক লাখ কোটি টাকা পাওনা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে বাংলাদেশ ছাত্রলীগ কালিয়াকৈর পৌর শাখার উদ্যোগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
মন্ত্রী বলেন, পাকিস্তানের কাছে সেই আমলে প্রায় ৩৬ হাজার কোটি টাকা আজকে কমপক্ষে এক লাখ কোটি টাকা আমরা পাওনা। তিনি এর কারণ দেখিয়ে বলেন, সেই সময় বাংলাদেশের যত মানুষ ছিল তখন পূর্ব পাকিস্তানে তারা ব্যাংকে একাউন্ট করেছিল। সেই ব্যাংকের পুরো টাকাই তারা আত্মসাৎ করেছে।
মন্ত্রী আরো বলেন, ১৯৭০ সালে ১০ লাখ মানুষ মারা গিয়েছিল এবং সেই ক্ষতিগ্রস্ত লোকের জন্য বিদেশীরা ২০০ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছিল। কিন্তু তার একটি টাকাও আমাদের দেয়নি। আজও আমরা সেই টাকা পাওনা। এমনকি পাকিস্তানের অনেক অংশ আমাদের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিয়েছে। যেমন আজমেরি করাচি, ইসলামাবাদ, ভাওয়াল পিন্ডি এই তিনটি রাজ্যর অর্ধেক এখনো আমারা পাওনা।
পাকিস্তানের যত দূতাবাস ছিল তার অর্ধেকটা আমরা পাওনা। পাকিস্তানের ঐতিহাসিক স্থাপনার অর্ধেকটা আমাদের টাকায়। সেই হিসেবে তখনকার আমলে ১২ হাজার কোটি টাকা ছিল। আর আজকে তাদের কাছে আমাদের পাওনা এক লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে।
কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি শেখ রিয়াদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক সিকদার জহিরুল ইসলাম, সাবেক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম প্রমুখ।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস