অভিজিৎ হত্যাকাণ্ড : এফবিআই`র সহায়তা নেবে ডিএমপি


প্রকাশিত: ১০:২৪ এএম, ০৭ মার্চ ২০১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আধুনিক টেকনোলজিক্যাল ইন্সট্রুমেন্ট-এর সীমাবদ্ধতা রয়েছে আমাদের। এক্ষেত্রে মামলার তথ্য দ্রুত উদঘাটনের জন্য এফবিআই এর কারিগরি সহায়তা নেয়া হবে। এফবিআই ডিএমপিকে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অভিজিৎ যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় এফবিআই এ বিষয়টির তদন্তে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তের স্বার্থে প্রাপ্ত তথ্য বা আলামতের ব্যাপারে এখনই কিছু প্রকাশ করা ঠিক হবে না। জব্দকৃত আলামত বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের খুব দ্রুত ধরা হবে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক প্রকৌশলী ড. অভিজিৎ রায় ও তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নং গেটের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সোয়া ১০টার দিকে মারা যান অভিজিৎ রায়।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আহত রাফিদা আহমেদ বন্যাকে আমেরিকা নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ব্লগার ও লেখক অভিজিৎ খুনের পর থেকেই দেশের সাধারণ জনগনসহ আর্ন্তজাতিক মহল এর নিন্দা ও উদ্বেগ জানায়।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।