প্রধানমন্ত্রী গেলেন, ককটেল ফুটলো!


প্রকাশিত: ১১:০৮ এএম, ০৭ মার্চ ২০১৫

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারওয়ান বাজার এলাকা ছেড়ে যাওয়ার পরপরই সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে রাজধানীর কারওয়ান বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে মারধর করেছে বলেও জানা যায়।

কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জাগোনিউজকে বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগদান করতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গাড়িবহর কারওয়ান বাজার এলাকা অতিক্রম করার ১৫ মিনিট পরে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে।

তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওসি আরো বলেন, নাশকতাকারী সন্দেহে এক ব্যক্তিকে আটকের পর মারধর করেছে স্থানীয়রা। তিনি ককটেল নিক্ষেপ করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও থানার এএসআই মাহবুব হোসেন আহত হয়েছেন বলে জানান ওসি মাজহারুল ইসলাম।

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত রয়েছেন।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।