জার্মানি যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
বার্লিনে জি-৭ স্টকহোল্ডার কনফারেন্সে যোগ দিতে রোববার জার্মানি যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামী ১০ ও ১১ মার্চ জার্মানিতে এ সম্মেলনে অনুষ্ঠিত হবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো আব্দুল লতিফ বকসী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জার্মানির ফেডারেল মিনস্টিার ফর লেবার এন্ড ওয়েলফেয়ার আনদ্রে নাহলেজ এবং ফেডারেল মিনিস্টার ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট ড. গার্ড মুলারের আমন্ত্রণে মন্ত্রী এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।
সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর যোগদানের ফলে জি-৭ ভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।
জার্মানি বর্তমানে জি-৭-এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে। জার্মানি গ্লোবাল এনফোর্সমেন্ট অফ সোস্যাল এন্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড বিষয়ে কাজ করতে গ্রাউন্ড ওয়ার্ক করার জন্য এ স্টকহোল্ডার কনফারেন্সের আয়োজন করেছে।
জি-৭ এর বর্তমান সদস্য দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য, যক্তরাষ্ট্র ও কানাডা। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এ জোটভুক্ত।
সম্মেলনে মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক ক্ষেত্রে প্রশংসনীয় উন্নয়ন, মাথাপিছু আয়বৃদ্ধি, রফতানি, রেমিটেন্স ও রিজার্ভ বৃদ্ধি ইত্যাদি বিষয় তুলে ধরবেন। তৈরি পোশাক শিল্পসহ রফতানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই বিষয়ে আলোচনা করবে।
বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ। বাংলাদেশের রফতানি আয়ের প্রায় ৮০ ভাগ আসে তৈরি পোশাক থেকে, প্রায় চার মিলিয়ন নারী-পুরুষ এ শিল্পে কাজ করছে, তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পে শ্রমিকদের মজুরি, অধিকার নিশ্চিতকরণ, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটিসহ কর্মবন্ধব ও নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরবেন।
এতে করে ইউরোপিয়ন ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ ক্রেতাগোষ্ঠীকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ পবিত্র ওমরা হজ পালন শেষে আগামী ১৬ মার্চ দেশে ফিরবেন।
এসআই/বিএ/পিআর