দেশে ফাঁসির আসামি ১১৩৯ জন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে ২০ নারীসহ ১১৩৯ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে। তারা দেশের বিভিন্ন কারাগারে রয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারি দলের সদস্য দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১ হাজার ৩৫৭ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছে।
সংসদ সদস্য সেলিম উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে পুলিশের ১৬৮ জন নারী সদস্য রয়েছেন। এর মধ্যে ১ জন পুলিশ সুপার, ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার, ২ জন সিনিয়র এএসপি, ৪ জন এএসপি, ২ জন মেডিকেল অফিসার, ৯ জন ইন্সপেক্টর, ১৬ জন সাব-ইন্সপেক্টর, ৪১ জন এএসআই, ৮৫ জন কনস্টেবল, একজন বাবুর্চি এবং একজন পরিচ্ছন্নকর্মী।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দেশে বর্তমানে ৩৯টি আনসার ব্যাটালিয়ন আছে। এর মধ্যে ৩৭টি পুরুষ ও ২টি মহিলা ব্যাটালিয়ন। আনসার ব্যাটালিয়নে সর্বমোট ১৪ হাজার ৬৩১ জন কর্মরত রয়েছে। এর মধ্যে স্থায়ী ১২ হাজার ২২ জন ও অস্থায়ী ২ হাজার ৬০৯ জন।
মনোয়ারা বেগমের অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় পুলিশের সাংগঠনিক কাঠামোতে একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধ মোকাবেলায় পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
এএইচ/পিআর