বাধ্যতামূলক হচ্ছে প্রার্থীর আয়কর সনদ


প্রকাশিত: ০৩:০৬ এএম, ০৯ মার্চ ২০১৫

নির্বাচনে প্রার্থী হতে আয়কর সনদ ( টেক্স পেয়ারস আইডেন্টিফিকেশন নম্বর-টিআইএন) বাধ্যতামূলক করে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়নপত্রে সংশোধনী আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে আচরণ বিধিমালাতেও সংশোধনী আনা হচ্ছে। সোমবার কমিশনের সভায় বিষয়টি অনুমোদন দেয়ার কথা রয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রথম  টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে। মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্রে ১২ ডিজিটের টিআইএন নম্বর যুক্ত করার বিধান রেখে মনোনয়নপত্র ছাপা হবে। পর্যায়ক্রমে জাতীয় সংসদ নির্বাচনেও টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হবে। এতদিন প্রার্থীকে মনোনয়ন ফরমে আয়কর দাতা অথবা আয়কর দাতা নন নির্ধারিত ঘরে টিক চিহ্ন দিতে হতো। আয়কর দাতা হলে সর্বশেষ রিটার্নের কপি ও কর পরিশোধের প্রমাণপত্র জমা দিতে হতো। করদাতা না হলে বিষয়টি প্রযোজ্য হতো না। এবার টিআইএন নম্বর বাধ্যতামূলক হচ্ছে। এ বিষয়ে ইসির উপ-সচিব আবদুল অদুদ জানান, প্রার্থী হলে তাকে অবশ্যই টিআইএন নম্বর দিতে হবে। আগ্রহীদের দ্রুত টিআইন নম্বর করে নেয়ার অনুরোধ করেন তিনি। গত বছর জুলাই থেকে আয়কর অধ্যাদেশ অনুযায়ী সংসদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ১২ ডিজিটের টিআইএন নম্বর দেয়া বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড।

ফরম, প্যাকেট ও প্রতীক নমুনা মুদ্রণের নির্দেশনা : আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য প্রয়োজনীয় ফরম, ভোটগ্রহণ কর্মকর্তাদের কার্ড, প্যাকেটসহ আনুষঙ্গিক নির্বাচনী কাগজপত্র মুদ্রণের নির্দেশনা দিয়েছে ইসি সচিবালয়। সেই সঙ্গে নতুন বরাদ্দ করা নির্বাচনী প্রতীকের নমুনাও মুদ্রণ করা হচ্ছে।সূত্র : যুগান্তর

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।