আজ শুরু হচ্ছে নজরুল নাট্যোৎসব
নজরুল নাট্যোৎসব-২০১৫ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এ উৎসব আয়োজন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি নাটক নিয়ে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে চলবে এ উৎসব।
রোববার সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন নজরুল গবেষক অনুপম হায়াত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী। উদ্বোধনী সন্ধ্যায় কবি কাজী নজরুল ইসলাম রচিত ও আরিফ হায়দার নির্দেশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক শিল্পী মঞ্চস্থ হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক সেতুবন্ধ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় লোকনাট্যদল সিদ্ধেশ্বরীর নাটক শিল্পী মঞ্চায়ন হবে।
২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক রতিআরতিরকাব্য এবং সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাঙ্গণেমোরের নাটক দ্রোহ প্রেম নারী মঞ্চস্থ হবে।
বিএ/আরআইপি