চতুর্থ দিনে তিন সিটিতে ১৩ জনের মনোনয়ন সংগ্রহ


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২২ মার্চ ২০১৫

মনোয়নপত্র সংগ্রহের চতুর্থ দিন রোববার ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রামে মেয়র পদে ১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। তার নাম হেলেনা জাহাঙ্গীর হেলেন। রোববার দিনভর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

ঢাকা : রাজধানী ঢাকার দুই সিটিতে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ববি হাজ্জাজ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল কাফি ও হেলেনা জাহাঙ্গীর হেলেন। এছাড়া শতাধিক কাউন্সিলর প্রার্থী দুই সিটিতে মনোনয়ন পত্র নিয়েছেন।

চট্টগ্রাম : চট্টগ্রামে মোট ১৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৬ জন মনোনয়ন পত্র নেন। তবে মেয়র পদে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন রোববার পর্যন্ত মনোনয়ন পত্র নেননি। তিনি ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, মেয়র পদে ফখরুদ্দিন চৌধুরী ও গোলাম ইয়াজদানি নামের দুজন মনোনয়ন পত্র নিয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন এবং কাউন্সিলর পদে ১৪৬ জন মনোয়ন পত্র নিয়েছেন। গত চার দিনে মেয়র পদে মোট পাঁচ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৩৫ জনসহ মোট ২৬৪ জন মনোনয়ন পত্র নিয়েছেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।