প্রবাসীদের ‘ফেলে দেওয়া শ্রমশক্তি’ নয়, অধিকারসম্পন্ন মানুষ ভাবতে হবে
প্রবাসী শ্রমিকদের ‘ব্যবহার শেষে ফেলে দেওয়া শ্রমশক্তি’ হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন মানুষ হিসেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
একই সঙ্গে তিনি প্রবাসী অধিকার সুরক্ষায় আরও শক্তিশালী বৈশ্বিক সহযোগিতা, নির্ভরযোগ্য তথ্যব্যবস্থা এবং বৈষম্য ও ভুয়া তথ্য মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মাল্টি-স্টেকহোল্ডার গোল টেবিল-৪-এর সহ-সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘে বাংলাদেশ স্থানীয় মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, অভিবাসন ব্যবস্থাপনায় সঠিক ও শ্রেণিভিত্তিক তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা শক্তিশালী করা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বহুমুখী সেবা কেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কমিউনিটিভিত্তিক সচেতনতা কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের যাত্রার প্রতিটি ধাপে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।
গৃহস্থালি কাজ, কৃষি ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ রোধে অধিকারভিত্তিক নীতি গ্রহণ জরুরি।
তিনি অভিবাসীবিরোধী মনোভাব, বিদেশিবিদ্বেষ ও ভুয়া তথ্যের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘৃণামূলক বক্তব্যের জবাবদিহি নিশ্চিত এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মন্ত্রী বলেন, অভিবাসনকে মর্যাদা, সুরক্ষা ও সবার জন্য সমৃদ্ধির ভিত্তিতে পরিচালনা করতে হলে ‘সমগ্র সরকার ও সমগ্র সমাজভিত্তিক’ দৃষ্টিভঙ্গিতে দ্বিপক্ষীয় ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
জেপিআই/এমআরএম