সংসদে যুব সংগঠন বিলের রিপোর্ট উপস্থাপন
সংসদে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) বিল ২০১৫ এর ওপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। রোববার কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের পক্ষে সদস্য মাহবুব আলী রিপোর্টটি উপস্থাপন করেন। পরে রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
নিবন্ধন সনদ ছাড়া যুব সংগঠন পরিচালনার অপরাধে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধানের প্রস্তাব করে গত ৩ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিলটি উত্থাপন করেন। বিলে উল্লেখিত বিধান কার্যকর হবার পর অন্য কোনো আইনে যুব সংগঠন নিবন্ধন করা যাবে না বলে বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলের বিধান কার্যকর হবার পর পরবর্তী ৬ মাসের মধ্যে নির্ধারিত ফরমে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট হতে স্বীকৃতি পত্র নিতে হবে।
এছাড়া বিলে যুবসংগঠনের নিবন্ধন এর প্রক্রিয়া, যুব সংগঠনের নিবন্ধনের শর্তাবলী, নিবন্ধন বাতিল, সংগঠনের বিলুপ্তি, কার্যক্রম পরিচালনা, গঠনতন্ত্র ও এর সংশোধন, নির্বাহী পরিষদ বাতিল, স্বেচ্ছা অবসায়ন, জাতীয় যুব কাউন্সিল গঠন, অপরাধ ও দণ্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে জাতীয় পর্যায়ে যুব সংগঠনসমূহের উন্নয়নে পৃষ্ঠপোষকতা দান এবং কার্যক্রম সমন্বয় করার জন্য জাতীয় যুব কাউন্সিল গঠন করার বিধানের প্রস্তাব করা হয়েছে।
আরএস