নিখোঁজ ব্যক্তিদের জন্য আসকের উদ্বেগ
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) বিএনপি নেতা সালাহ উদ্দিনসহ দেশের বিভিন্ন স্থানে নিখোঁজ ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিখোঁজ হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। নিখোঁদের পরিবারের অভিযোগ, সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আটকের এসব অভিযোগ অস্বীকার করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন স্থানে এ ধরনের ২০ জন ব্যক্তিকে আটকের অভিযোগ করেছে পরিবার। এদের অধিকাংশই বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদও রয়েছেন। তিনি ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব ঘটনা অস্বীকার করে দায় এড়াতে চাইছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যেন সাদাপোশাকে কাউকে আটক করতে না পারে, সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। এই নির্দেশ মানা হচ্ছে কি না, সেটি যাচাই করা উচিত।
এএইচ/পিআর