স্বাধীনতা দিবসে স্মার্টকার্ড দিতে পারছে না ইসি
পরিকল্পনা অনুযায়ী স্বাধীনতা দিবসে জাতীয় পরিচয় (এনআইডি) স্মার্টকার্ড দিতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। কারণ এদিন স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন হচ্ছে না। এদিকে অনলাইনে তথ্য সংশোধনের সুযোগ দেওয়ার কথা বলা হলেও তাতে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
ইসি সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতিসহ বেশ কিছু কারণে তারা প্রয়োজনীয় কাজ শেষ করতে ব্যর্থ হয়েছেন। তবে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে এ কার্যক্রম উদ্বোধন করার বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ইসির পক্ষ থেকে বলা হয়, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের ৯ কোটির বেশি নাগরিককে এ কার্ড দেওয়ার কথা ছিল ।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, আগের পরিকল্পনা অনুযায়ী ২৬ মার্চ উদ্বোধনের সম্ভাবনা নেই। তবে বাংলা নববর্ষের প্রথম দিন ১৪ এপ্রিল সম্ভব হবে কি-না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে সব নাগরিককে স্মার্টকার্ড দেওয়ার আগে জাতীয় তথ্যভাণ্ডারে সংরক্ষিত তথ্য অনলাইনে সংশোধনের সুযোগ দেওয়া হলেও তাতে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
এই সেবা শুরুর ২৪ দিন পর রোববার পর্যন্ত প্রায় ৪১ হাজার জাতীয় পরিচয়পত্রধারী নাগরিক অনলাইনে নিবন্ধন করেছেন। আবেদন করা হয়েছে প্রায় ১২ হাজার। এর মধ্যে তথ্য সংশোধনের জন্য আবেদন করা হয়েছে আট হাজারের কাছাকাছি।
নতুন ভোটার হতে আবেদন পাওয়া গেছে তিন হাজার ২০০ জনের। ঠিকানা পরিবর্তন বা স্থানান্তরের আবেদন করেছেন প্রায় এক হাজার ২০০ জন।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম জানান, ভোটার ডাটাবেজে যে তথ্য রয়েছে তার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে।
২০০৮ সালে জাতীয় পরিচয়পত্রের জন্য বাড়তি কিছু তথ্য নিয়ে প্রথম ছবিসহ ভোটার তালিকা করা হয়। এরপর কয়েক দফা হালানাগদ করা হলেও তাতে শুধুই নতুন ভোটার অন্তর্ভুক্ত ও মৃত ভোটার কর্তন করা হয়েছে।
বাকি ভোটারদের কোনো তথ্যই পরিবর্তনের সুযোগ দেওয়া যায়নি। নির্বাচন কমিশন ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ অনলাইনে ভোটারদের মাধ্যমে ডাটাবেজ সংশোধনের ব্যবস্থা গড়ে তোলার পদ্ধতি চালু করেছে।
এ পদ্ধতিতে ব্যবহারকারী নিজেই আবেদন করবেন বলে তথ্যে ভুল হওয়ার আশঙ্কা কমে যাবে। অনলাইন আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রে প্রদর্শিত ও অপ্রদর্শিত উভয় তথ্যই দেখার ও তথ্য হালনাগাদ করার সুযোগ পাওয়া যাবে।
বিএ/এমএস