কে হচ্ছেন বিএসএমএমইউর নতুন উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও উপ-উপাচার্য এই দুটি পদের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ইতোমধ্যে এ দুটি পদে নিয়োগের জন্য জোরালো লবিং-তদবির চলছে সংশ্লিষ্ট মহলে।
তাই এ নিয়ে গুঞ্জরন শুরু হয়ে গেছে। কে হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির উপচার্য পদের পরবর্তী অধিকারী। আর এ নিয়ে সরকারি দল সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা গ্রুপ-উপগ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। সব পক্ষই উপাচার্য পদে নিজেদের ঘনিষ্ঠজনকে দেখতে চায়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই মেয়াদে ছয় বছর ধরে দায়িত্ব পালনরত উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। কে হচ্ছেন দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, তা নিয়ে গুঞ্জরনের শেষ নেই।
উপাচার্য পদটির জন্য নাম শোনা যাচ্ছে জাতীয় অধ্যাপক ও গাইনি বিশেষজ্ঞ ডা. শাহলা খাতুন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আক্তার রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, বিএমএ ও স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান এবং চক্ষু বিভাগের অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদেরও।
অনেকে বলছেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ভাবমূর্তি নিয়ে কোনো বিতর্ক নেই। তাকেও পরবর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার দলীয় আস্থাভাজন হিসেবে অন্য প্রার্থীদেরও সম্ভাবনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়টির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব বলেন, দলীয় বিবেচনায় নয়, প্রশাসনিক কাজে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন এবং সবার কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া উচিত। তাহলে প্রশাসনে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, তেমনি প্রশাসনিক, একাডেমিক, চিকিৎসাসেবাসহ সব কাজেই গতি আসবে।
উল্লেখ্য, ডা. শাহলা খাতুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বোন এবং ঢাকা শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। ডা. শাহনা আক্তার রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের স্ত্রী।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সরকার উপাচার্য হিসেবে নারী কাউকে নিয়োগ দিতে পারে।
বিএ/এমএস