সত্যেন সেন সম্মাননা পেলেন শাহরিয়ার কবির
সত্যেন সেন সম্মাননা পেয়েছেন বরেণ্য লেখক, সাংবাদিক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। শনিবার বিকেলে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে `সত্যেন সেন সম্মাননা পদক প্রদান ও অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী` শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। সত্যেন সেনের জন্মদিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ড. হায়াৎ মামুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবরি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গণসঙ্গীত পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
প্রধান অতিথির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আজ এই কঠিন সময়ে আমরা সত্যেন সেনকে স্মরণ করছি। যারা ১৯৭১ সালে এ দেশের সাধারণ মানুষকে হত্যা করেছিল, তারা আবারো এই সময়ে এসে সাধারণ মানুষকে হত্যা করছে। রাজনীতির নামে যারা অরাজনীতিতে নেমেছে, তাদের রুখতেই হবে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শাহরিয়ার কবির বলেন, পুরস্কার আমাকে বিব্রত করে। কারণ, এ পর্যন্ত যা করেছি, তা আমার দায়িত্ব বলে মনে করি। তবে যার নামে এই পুরস্কার, সেই সত্যেন সেনদের যুগে আমরা জন্মেছি বলে ভালো লাগে।
অনুষ্ঠানের শুরুতেই সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা `মারো জোয়ান হেইও, মারো কষে টান` এবং `৭১-এর শকুনগুলো উড়ছে আবার` গান দুটি পরিবেশন করেন। দলীয় সঙ্গীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্র এবং পঞ্চভাস্করের শিল্পীরা।
একক সঙ্গীত পরিবেশন করেন মহিউদ্দিন চৌধুরী ময়না, সমর বড়ুয়া, আরিফ রহমান, আবিদা রহমান সেতু, রতনা সরকার প্রমুখ। একক আবৃত্তি করেন নায়লা তারান্নুম চৌধুরী কাকলি। দলীয় নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা।
বিএ/আরআইপি