বঙ্গভবনে বেড়েছে বানরের উৎপাত
বানরের উৎপাত বেড়েছে বঙ্গভবনে। খাবারের লোভে প্রতিদিন শ’খানেক বানর হানা দিচ্ছে সেখানে। তাদের উপস্থিতি রীতিমত ভয়ের সঞ্চার করছে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের মনে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বঙ্গভবনের পক্ষ থেকে বন বিভাগের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
এসব বানরকে কীভাবে খাবার সরবরাহ করা হবে তা নিয়েও আলোচনা চলছে। তবে খাবারের লোভে বানরের আনাগোনা আরো বাড়তে পারে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা। আবার বংশ বিস্তারের আশংকা তো থাকছেই। তাহলে সমাধান কি?এ নিয়ে নানা চিন্তাভাবনা করছেন বন বিভাগের কর্মকর্তারা।
বানরের উৎপাত বেড়েছে জানিয়ে এর আগেও বঙ্গভবনের পক্ষ থেকে বন বিভাগের কাছে চিঠি দেয়া হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল ফাঁদ পদ্ধতি ব্যবহার করে বানরদের ধরে বিভিন্ন বনে অবমুক্ত করে দেয়া হবে। ৫টি বানর ধরাও পড়েছিল। সেগুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করে দেয়া হয়। কিন্তু সেখানেও বিপত্তি দেখা দেয়। ফাঁদ দিয়ে একটি বানর ধরার পর বাকি বানরগুলো তা অবলোকন করে। এরপর তারা আর ফাঁদের কাছে আসতে চায় না। ফাঁদ নিয়ে অলস সময় কাটাতে হয় বন কর্মচারীদের। কিছুদিন বিরতির পর আবার চিঠি আসে বন ও পরিবেশ সচিবের কাছে। এ চিঠির সূত্র ধরে বন কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২ মাস বানরদের খাবার সরবরাহ করা হবে। যাতে তারা বঙ্গভবনের আশপাশে না আসে।
এআরএস/আরআইপি