পাটকে বিশ্বে নতুনভাবে উপস্থাপন করা হবে : মির্জা আজম
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সোনালী আঁশ হিসেবে খ্যাত পাটকে বিশ্বের দরবারে নতুন ভাবে উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার সকালে সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাটজাত দ্রব্যের উৎপাদন ও বহুমুখী ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার এবং পাট শিল্পে নানা অনিয়ম দূর করে বন্ধ পাটকলগুলো চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে পাট দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত ছিল- ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের পাটকলগুলোকে বেসরকারী খাতে ছেড়ে দিয়ে সে খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়া হয়েছিল।
মির্জা আজম বলেন, যে পাটকলগুলো বেসরকারি খাতে দেয়া হয়েছিল এবং বন্ধ রয়েছে সেগুলো পুনরায় ফিরিয়ে এনে চালু করার জন্যও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেছেন। এতে অভ্যন্তরীণভাবে পাটের ব্যবহার যেমন বাড়বে তেমনি দেশের বাইরেও পাটজাত দ্রব্যের চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে পাটজাত দ্রব্য রফতানির ক্ষেত্রে ভ্যাট কমানো হবে এবং এ জাতীয় পণ্যকে কৃষিজাত পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হবে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড এবং ব্যাংকিং জটিলতা নিরসনের জন্য সংশ্লিষ্টদের সাথেও আলোচনা করা হবে।
মির্জা আজম বলেন, পাটজাত পণ্যকে জনপ্রিয় করার জন্য প্রচারের সকল ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে পাটজাত দ্রব্য প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছে।
পাটজাত পণ্যকে সরকারি সকল ক্ষেত্রে ব্যবহারের অনুরোধ জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এতে পণ্যের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি এবং এ জাতীয় পণ্যের জনপ্রিয়তাও বাড়বে।
বৈঠকে মন্তণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএ/পিআর