সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত ১৯ এপ্রিল


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০১ এপ্রিল ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে আগামী ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।

বুধবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, `সিটি নির্বাচনের আগে বিএনপি সেনা মোতায়েনসহ বেশকিছু দাবি উত্থাপন করে। কিন্তু আদালতের নির্দেশনা ছাড়া আমাদের পক্ষে সেসব দাবি পূরণ করা সম্ভব না। আগামী ১৯ এপ্রিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।`

দলীয় নেতাকর্মী ও বিতর্কিত ব্যক্তিদের নির্বাচনী দায়িত্বে না রাখার দাবির পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি, নির্বাচনে যে পরিমাণ লোকবল প্রয়োজন হয়, আমাদের নিজেদের সেই পরিমাণ লোক নেই। বেশিভাগ লোকই শিক্ষামন্ত্রণালয় থেকে নিয়ে থাকি।’

তিনি বলেন, ‘পোলিং এজেন্টসহ নির্বাচনী কাজে যারা দায়িত্ব পালন করেন তাদের তালিকা সবাই দেখেন, এগুলো লুকোনোর কিছু নেই। অতীতেও আমরা এ তালিকা প্রার্থীদের দেখিয়েছি। তালিকা দেখার পর কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ইসি ব্যবস্থা নেবে।’

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ করতে ইসি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আইন মোতাবেক তাদের তিন দিনের মধ্যে আবেদন করতে বলেছি। আপিল কর্তৃপক্ষ তাদের কাছে শুনে বিবেচনা করবেন। এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।’

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।