আইএমএসও মহাপরিচালক দেশে আসছেন কাল


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০১ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) আওতায় প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক ক্যাপ্টেন মঈন আহমেদ কাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সফরে আসছেন।

বাংলাদেশের নাগরিক ক্যাপ্টেন মঈন আহমেদই প্রথম ইউরোপের বাইরে আইএমএসও’র মহাপরিচালক পদে নির্বাচিত হন। তার এ বিজয়ে মেরিটাইম ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে আশা করেছন সংশ্লিষ্টরা।

সফরের সময় তিনি রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলে নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।  

আইএমএসও’র মতো গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের নাগরিক মহাপরিচালক পদে নির্বাচিত হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং মেরিটাইম ফোরাম বাংলাদেশ  যৌথভাবে  তাকে সংবর্ধনা প্রদান করবে।
    
উল্লেখ্য, ক্যাপ্টেন মঈন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি)। তিনি বর্তমানে লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) লিয়েনে কর্মরত আছেন। মঈন যুক্তরাজ্য থেকে মাস্টার মেরিনার সার্টিফিকেট অর্জন করেন এবং সুইডেনের মালমোতে অবস্থিত ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।