ইয়েমেন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সাহায্য করবে ভারত
গত কয়েক মাস ধরে সহিংসতা চলা ইয়েমেনে অনেক প্রবাসী বাংলাদেশি আটকে পড়ে আছে। তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগও নেয়া হচ্ছে। এই উদ্যোগের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত সরকার। ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা সহযোগিতা করবে বলে ঘোষণা দিয়েছে।
বুধবার এক ট্যুইটে ভারত সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি জানায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।
পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও আলোচনা করছি। এরপরই ভারত তাদের সম্মতির কথা জানিয়ে দেয়।
ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশীর বসবাস। তবে বেশীরভাগ বাংলাদেশিরা এডেন এলাকায়। এই এলাকাটি এখনো বিদ্রোহীরা দখলে নিতে পারেনি। তাই নিরাপদেই আছেন বাংলাদেশিরা।
যুদ্ধ অব্যাহত থাকায় দেশটিতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। তাছাড়া ইয়েমেনে বাংলাদেশের দূতাবাস না থাকায় তারা কোনো সহায়তাও পাচ্ছেন না।
ভারত সরকার ইয়েমেনে বসবাসরত ভারতীয়দের নিজস্ব জাহাজে করে দেশে ফিরিয়ে আনতে শুরু করায় তাদের মাধ্যমে বাংলাদেশিদের ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।
ভারত জানিয়েছে, নিজেদের সব নাগরিককে ফিরিয়ে আনার পর এবং আটকা পড়া বাংলাদেশিরা শনাক্ত হয়ে গেলে ভারত সহযোগিতা করবে।
এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যোগাযোগের কথাও সংবাদ সম্মেলনে বলেন তিনি।
বাংলাদেশ সরাকারের পক্ষ থেকে ইয়েমেনে কর্মকর্তাদের পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো সমুদ্রপথ। তবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
এমজেড/পিআর