প্রাণভিক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি কামারুজ্জামান
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পাঁচ আইনজীবী।
কারাগার থেকে বের হয়ে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির বলেন, প্রাণভিক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি কামারুজ্জামান। তিনি আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, আমরা তাকে সে বিষয়গুলো জানিয়েছি।
তিনি আরও বলেন, কামারুজ্জামানের সাথে আমাদের আধা ঘণ্টা কথা হয়েছে। প্রাণভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন তিনি। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং মানসিকভাবে দৃঢ় আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে, বৃহস্পতিবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে কারাগারে যান তার পাঁচ আইনজীবী। আইনজীবীরা হলেন অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং অ্যাডভোকেট মুজিবুর রহমান।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে গত ৬ এপ্রিল তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।
এরপর বুধবার সন্ধ্যায় রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কামারুজ্জামানকে ৩৬ পৃষ্ঠার রায়ের কপি পড়ে শোনানো হয়েছে।
জেইউ/এআরএস/বিএ/আরআই