লতিফ সিদ্দিকীর ৭ মামলায় অভিযোগ গঠন ১৩ এপ্রিল


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৯ এপ্রিল ২০১৫

হজ্জ্ব ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তির সাত মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে ১৩ এপ্রিল এ অভিযোগ গঠন শুনানি হবে।

এর আগে ৮ মার্চ আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা সাতটি মামলা আদালতে স্থানান্তর করেন। আদালত আদেশে বলেন, লতিফ সিদ্দিকীর সাত মামলার বিচার ঢাকা মহানগর হাকিম (২৮ নম্বর আদালত) শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে হবে। রোববার সিএমএম ২৮ নম্বর আদালতের পেশকার পারভেজ আহমেদ বলেন, এই মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

লতিফ সিদ্দিকীর আইনজীবী মোশাররফ হোসেন কাজল ঢাকা কোর্টে দায়ের করা সাত মামলা বিচারের সুবিধার্থে এক আদালতে স্থানান্তরের আবেদন করেন। গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ্জ্ব ও তাবলিগ জামায়াত নিয়ে বিরূপ মন্তব্য করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন। তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় ঢাকা কোর্টে বিভিন্ন ব্যক্তি এ সাতটি মামলা দায়ের করেন। অবশ্য তার ওই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আরও বেশ কয়েকটি মামলা হয়েছে।

২৩ নভেম্বর রোববার রাত ৮টা ৪০ মিনিটে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। দেশে ফেরার পর পরই ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল তার গ্রেফতার দাবি করে। ২৬ নভেম্বর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।

এমজেড/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।