ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর অভিযোগের শুনানি ২৮ মে
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৮ মে দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতাউল হক বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
এ মামলাটি হাইকোর্টের শুনানির অপেক্ষায় থাকায় এবং কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে হাজির না করায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।
এ ঘটনায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে, ২০১৪ সালের ২৫ মে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক নূরুল আমীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এসএস/বিএ/আরআই