নির্বাচন নয়, ক্রিকেট খেলা দেখায় আগ্রহ ইসিতে


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৮ এপ্রিল ২০১৫

রাজধানীর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ চট্টগ্রামে চলছে সিটি কর্পোরেশন নির্বাচন। হয়তো দেশবাসীর অনেকেই টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনের সর্বশেষ খবর আগ্রহ নিয়ে শুনছেন বা দেখছেন। কিন্তু এর উল্টোচিত্র নির্বাচন কমিশন সচিবালয়ে। এখানে মিডিয়া সেন্টারসহ বিভিন্ন কর্মকর্তার রুমের টেলিভিশনে চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্ট ক্রিকেট খেলা!

এছাড়া যেসব কর্মকর্তা-কর্মচারীর রুমে টিভি নেই তারাও ভিড় জমিয়েছেন মিডিয়া সেন্টারে। এমনকি সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরাও ক্রিকেট খেলা দেখতে ব্যস্ত।
 
এ বিষয়ে জানতে চাইলে একাধিক সাংবাদিক ও কর্মকর্তা জানান, ভোটের ফলাফল সরকার নির্ধারণ করেই রেখেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই সেসব খবর রেখে লাভ নেই!
 
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, যেই নির্বাচিত হোক না, সাধারণ জনগণের তাতে কিছু যায় আসে না। নির্বাচনের আগে গালভরা বুলি শোনা গেলেও নির্বাচনের পরে শুধু লুটপাট চলে। তাই আগ্রহ কম।
 
জানা যায়, দিনের শুরুতে শান্তিপূর্ণভাবে নির্বাচনের খবরের এলেও আস্তে আস্তে দৃষ্টপট বদলে যায়। আর বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের পর টিভিতে ক্রিকেট খেলার দর্শক আরো বেড়ে যায়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা সিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। তবে দুপুরের দিকে নানা অভিযোগ তুলে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।
 
এইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।