সিটি নির্বাচন : ভোট কারচুপির অভিযোগ তদন্তে জাতিসংঘের তাগিদ


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৯ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তদন্তের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান-কি মুন। মঙ্গলবার ওই তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটে জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র ফারহান হক।

লিখিত বক্তব্যে ফারহান হক বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ভোট বর্জনের বিষয়ে মহাসচিব অবগত রয়েছেন। ভোট কারচুপির উত্থাপিত সব অভিযোগ তদন্ত করতে যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিরোধী পক্ষ গণতান্ত্রিক উপায়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করবে বলে আশা করেছেন তিনি।’

এ ছাড়া শান্তিপূর্ণ উপায়ে নিজেদের ভিন্ন মতগুলো প্রকাশে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন বান-কি মুন।

মুখপাত্র আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে সব রাজনৈতিক নেতার প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।’

এদিকে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকেও ভোট কারচুপির অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরুর কয়েক ঘণ্টা পর ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি। এর আগে চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম নির্বাচন বয়কট করে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।