ফ্ল্যাটের চারপাশ নোংরা : পরিছন্ন রাখতে এমপিদের বিশেষ কর্মশালা
রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার এমপিদের ফ্ল্যাটের চারপাশ খুবই নোংরা হয়ে পড়েছে -এমন অভিযোগ উঠেছে সংসদীয় কমিটিতে। সেখানে বসবাসরত এমপিরা ছাড়াও তাদের কর্মচারী এবং আগত দর্শনার্থীদের মধ্যে পরিষ্কার-পরিছন্নতার ব্যাপারে তেমন সচেতনা নেই। এ কারণে এমপিদের কাউন্সিলিংয়ের আওতায় এনে এ বিষয়ে ধারণা দেওয়া হবে।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ষষ্ঠ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, হুইপ মাহবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী, আসলামুল হক এবং নাজমুল হক প্রধান বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, ন্যাম ও নাখালপাড়ার ওই সব ফ্ল্যাট ছাড়াও এর চারপাশ খুব নোংরা। যে যেখানে খুশি ময়লা ফেলে। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও কাজ হয়নি। বৃহস্পতিবার বৈঠকে কমিটির সদস্য খালেদ মাহমুদ চৌধুরী বিষয়টি আবার তুলেন। তিনি প্রস্তাব করেন, এ বিষয়ে এমপিদের কাউন্সিলিং করা হোক। কমিটির সভাপতি আ স ম ফিরোজ তার এ প্রস্তাবকে সমর্থন করেন।
জানা যায়, এর আগেও কমিটির পক্ষ থেকে পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে আউট সোর্সিং এর মাধ্যমে সংসদ এলাকা পরিষ্কার পরিছন্ন রাখার নির্দেশ দেয়া হয়। কারণ- সেখানে এই দায়িত্বে থাকা কর্মীরা বিভিন্ন এমপির মাধ্যমে চাকরি পাওয়ায় কাজ করে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আ স ম ফিরোজ সংসদের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে জাগো নিউজকে বলেন, প্রথমে নাখালপাড়ায় বসবাসকারী এমপিদেরকে এ বিষয়ে কাউন্সিলিং করা হবে। আমি এর নেতৃত্ব দেব। কারণ ঝালমুড়ির ঠোংগা ফেলা থেকে শুরু করে বিভিন্নভাবে ওইসব এলাকা নোংরা করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি ছাড়াও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। তাই এমপিদের এ বিষয়ে ধারণা দেওয়া হবে।
ঝাড়ুদাররা সঠিকভাবে কাজ করে না অভিযোগ করে তিনি আরো বলেন, ভাব দেখে মনে হয় তারা সাবেক এমপি। কারণ এমপিদের নমিনেশন (ডিও) নিয়ে এখানে চাকরি পায় তারা।
এইচএস/এসএইচএস/আরএস/আরআইপি