সিলেটে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী
সিলেট সিটি কর্পোরেশনের দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর কুমারপাড়ায় সিসিকের কর্মকর্তা-কর্মচারীর জন্যে নির্মিত ৯ তলা স্টাফ কোয়ার্টার এবং বিকেল পৌনে ৫টায় বন্দরবাজার কোর্ট পয়েন্ট ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্যানেল স্পিকার মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট ও হবিগঞ্জ জেলার সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ।
এদিকে, ২০০৮ সালের নির্বাচনে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইশতেহারে ফুট ওভারব্রিজের অঙ্গীকার করেছিলেন। ওই দফায় সেটা করেননি এবার উদ্যোগ নিয়েছেন। অর্থমন্ত্রী বিশেষ তহবিল থেকে ফুটওভার ব্রিজের টাকাও বরাদ্দ করেছেন। যদিও এ ফুট ওভারব্রিজ নিয়ে ব্যবসায়ীদের আপত্তি রয়েছে।
অন্যদিকে, কুমারপাড়ায় সিসিকের স্টাফ কোয়ার্টার নির্মাণ নিয়ে মামলা রয়েছে। এসব উপেক্ষা করেই মন্ত্রী প্রকল্প দুটির উদ্বোধন করেন। তবে প্রকল্প দুটি ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় কেউ আপত্তি জানাতে আসেননি।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি