নৌ পথে মানব পাচার বন্ধে কঠোর ব্যবস্থার সুপারিশ
নৌপথে মানব পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার সুপারিশ করে কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং মাহফুজুর রহমান বৈঠকে অংশ নেন।
বৈঠকে বহিঃর্বিশ্বে চাহিদা অনুযায়ী নিবন্ধিত জনশক্তি (দক্ষ/অদক্ষ) প্রেরণ, নিবন্ধিত জনশক্তিকে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা, তাদের জীবন রক্ষায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশসমূহে বাংলাদেশি দূতাবাসের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। নিয়ম বহির্ভূতভাবে বহিঃর্বিশ্বে জনশক্তি পাঠানোর কুফল এবং এ ধরনের অপতৎপরতা বন্ধে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে বহির্বিশ্বে পাঠানোর অপতৎপরতা বন্ধের জন্য দেশের আইন শৃংখলা বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী ও কোস্টগার্ডের তৎপরতা আরো জোরদার করার সুপারিশ করা হয় ।
কর্মীদের সচেতন করার লক্ষ্যে সচেতনামূলক লিফটলেট প্রকাশ এবং অবৈধ অভিবাসনের কুফল এর বিষয়ে প্রচারণামূলক কার্যক্রম বিভিন্ন সংবাদ মাধ্যম ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আরো ব্যাপকভাবে প্রচারণা চালানোর সুপারিশ করা হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংক (বিশেষায়িত তফসিলি ব্যাংক) চালু করার সুপারিশ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এইচএস/এসএইচএস/আরএস/আরআইপি