শিক্ষিত তরুণরা বিশ্ব দারিদ্রের মানচিত্র পরিবর্তন করবে : ইনু


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ মে ২০১৫

শিক্ষিত তরুণরা বিশ্ব দারিদ্রের মানচিত্র পরিবর্তন করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্নাতক ডিগ্রিপ্রাপ্ত দেশি-বিদেশি ছাত্রীদের উদ্দেশে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তরুণদের নেতৃত্বগুণ অর্জন ও জাতির কাণ্ডারি হওয়ার জন্য প্রয়োজন স্বপ্ন ও সংকল্পের বাস্তবায়ন। বাংলাদেশকে বিশ্বের সামনে নারী উন্নয়নের এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের নারীদের সমাবর্তন এমন সময়ে হচ্ছে, যার মাত্র দু’মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনায় বিশ্বে অন্যতম সেরা ভূমিকার জন্য ‘উইমেন ইন পার্লামেন্টস’ গ্লোবাল ফোরাম পুরস্কারে ভূষিত হয়েছেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের জীবনের দিকে গভীরভাবে তাকান। তাদের অসাধারণ সাফল্যগুলো চিহ্নিত করুণ। এটা আপনাদের জীবনের পথে এগিয়ে যেতে সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শেরি ব্লেয়ার সমাবর্তনে সভাপতিত্ব করেন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইনজ্ঞ ব্যারিস্টার শেরি ব্লেয়ার এ উপলক্ষেই চট্টগ্রামে এসেছেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট সমাবর্তন বক্তা হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফাহিমা আজিজ, ট্রাস্টি ইয়ং জু কিম এবং তরুণ গ্র্যাজুয়েট জাহরা জামিলা ইকরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, দেশি-বিদেশি অতিথিবৃন্দ এবং গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দসহ চ্যান্সেলর ব্লেয়ার এশিয়ার বিভিন্ন দেশের ১০৭ জন নতুন গ্র্যাজুয়েটের হাতে সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ বাংলাদেশসহ আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, কানাডা, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, প্যালেস্টাইন, শ্রীলংকা, সিরিয়া ও ভিয়েতনামের ছাত্রীরা অধ্যয়নরত।

এসএইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।