এমপিদের ফ্ল্যাটেও পানি বিদ্যুৎ ও গ্যাস সংকট
মানিক মিয়া অ্যাভিনিউ এর ছয়টি ও নাখালপাড়ার চারটি এমপি ভবনে অবস্থানরত এমপিরা ভুগছেন নিরাপত্তাসহ পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটে। বহিরাগতদের আগমন, এমপি ফ্ল্যাটের মানসম্মত পরিবেশ নিয়ে অনেক অভিযোগ তাদের। বৃহস্পতিবার সংসদ ভবনে সংসদ কমিটির সভায় এসব সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়।
এমপি হোস্টেলে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা রাজনৈতিক নিয়োগ পান বলে তারা দায়িত্ব পালন না করলেও পিডব্লিউডি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। সভায় চিফ হুইপের নেতৃত্বে সংশ্লিষ্ট বিষয়ে বসবাসরত এমপিদের কাউন্সেলিংয়ের সুপারিশ করা হয়। এ জন্য সংসদ সচিবালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
বরাদ্দপত্র ছাড়া চারজন মন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউ এর ফ্ল্যাট নিজ দখলে রাখায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। সর্বশেষ ৫ মে তাদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। কমিটি তাদের আবারও পত্র দেওয়ার সুপারিশ করে। বৈঠকে প্রতিটি ভবনে একটি করে সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটি গঠনের সুপারিশ করা হয়।
এআরএস/এমএস