ব্রাজিলে বাংলাদেশিকে গুলি করে হত্যা
ব্রাজিলে সোলায়মান পাটোয়ারী দুলাল (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার (বাংলাদেশ সময় সকাল ৯টার) দিকে ব্রাজিলের ব্রাসলিয়া শহরে সন্ত্রাসীদের গুলিতে তিনি খুন হন।
নিহত সোলায়মান দুলাল নোয়াখালীর চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ড ফতেপুর গ্রামের সৈয়দ আহমেদ মেম্বারের ছেলে। তিনি চাটখিল উপজেলা জাসাসের সাবেক সভাপতি ছিলেন।
নিহতের চাচাতে ভাই হাসনাতুজ্জামান চৌধুরী জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সোলায়মান পাটোয়ারী দুলাল সবার বড় ছিল। পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে ২০১২ সালে ব্রাজিল যান দুলাল। ব্রাসলিয়া শহরে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। তার ব্যবসা ভালো চলছিল।
তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় সকাল ৯টার) দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন দুলাল। এ সময় বাসার কাছাকাছি একটি সড়কের মোড়ে একদল ছিনতাইকারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে তার মাথা ও গাড়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে দুলালের মৃত্যু হয়।
তিনি আরো জানান, এর আগেও চাঁদার দাবিতে তিনবার ছিনতাইকারীরা দুলালের ওপর হামলা চালিয়েছিল।
এআরএস/এমএস