ছুটির দিনে জমজমাট পর্যটন মেলা
ছুটির দিনে জমে উঠেছে আন্তর্জাতিক পর্যটন মেলা ২০১৫। সরকারি ছুটির দিন হওয়ায় সব বয়সী ভ্রমণপ্রেমীদের অংশগ্রহণে মুখরিত মেলা প্রাঙ্গণ। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এরকম চিত্রই দেখা গেছে। বৃস্পতিবার মেলার উদ্ধোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনদিন ব্যাপী এই মেলা শেষ হবে শনিবার ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০ শতাংশ ছাড়ে ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, ইয়ানগুন, দুবাই, আবুধাবি, দাম্মাম, লন্ডন ও কলকাতা যাওয়ার সুযোগ দিচ্ছে।
এদিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেশের অভ্যন্তরীণ পর্যটন স্পটগুলোতে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ভ্রমণেরও সুযোগ দিচ্ছে। এছাড়া মেলায় প্রাইম ব্যাংক বাড়ি ও গাড়ি ক্রয়ে বিভিন্ন প্যাকেজে ঋনের সুবিধা দিচ্ছে। ব্যাংকটি সর্বোচ্চ ৮০ লাখ টাকার গাড়িতে ৪০ লাখ টাকা এবং বাড়ি ক্রয়ে এক কোটি ২০ লাখ টাকার ঋণ সুবিধার অফার দিয়ে মেলায় অংশ নিয়েছে।
মেলায় হানিমুন ট্যুর অ্যান্ড ট্রাভেলস সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা ও কানাডাকে বিভিন্ন সুবিধা দিয়ে ভ্রমণের সুযোগ নিয়ে অংশ নিয়েছে।
মেলায় ঘুরতে আসা ব্যাংকার রেজাউল করিম বলেন, সপরিবারে দেশের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। তাই পর্যটন মেলায় এসেছি। পছন্দসই প্যাকেজ পেলে মেলা থেকেই টিকিট কনফার্ম করবো।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটন মেলায় তারা ভালো সাড়া পাচ্ছেন। শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভ্রণিপ্রেয়সীরা মেলা প্রাঙ্গণে আসা শুরু করেছেন।
এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের ৫৫টি এয়ারলাইনস, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটরসসহ পর্যটনবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫৩টি স্টল অংশ নিয়েছে।
এমএম/বিএ/পিআর