খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেললাইন করবে সরকার


প্রকাশিত: ১০:০৯ এএম, ২৬ মে ২০১৫

খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেল লাইন করবে সরকার। আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে রেল লাইনটির নির্মাণ কাজ শেষ হবে। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় ঋণ সহায়তায় খুলনা থেকে মংলা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণ করবে সরকার । একই সঙ্গে মৌলভীবাজারের  কুলাউড় থেকে শাহবাজপুর পর্যন্ত বিদ্যমান রেললাইনের সংস্কারও  হবে এই ঋণ সহায়তা দিয়ে।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের জন্য অনুমোদিত সংশোধিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮০১ কোটি টাকা। ২০১০ সালের ডিসেম্বরে প্রকল্পটি যখন প্রথম অনুমোদিত হয় তখন এর ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭২১ কোটি টাকা।

সংশোধিত এ প্রকল্পটির ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে পরিকল্পনা মন্ত্রী বলেন,‘রেলপথের এলাইনমেন্ট পরিবর্তনের ফলে রূপসা নদীতে প্রায় ৭১৭ মিটার দৈর্ঘ্যের একটি রেলসেতু নির্মিত হবে। সেই সঙ্গে রেললাইনের দৈর্ঘ্য ১২ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নতুন করে কিছু জমি অধিগ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, প্রকল্পের আওতায়  খুলনা থেকে মংলা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মিত হবে। করা হবে ৮টি স্টেশন। সেই সঙ্গে ২১ কিলোমিটার লুপ লাইন তৈরি হবে।এ প্রকল্পে নির্মাণ কাজে (রূপসা রেলসেতুসহ) প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে। অপরদিকে, ৬৭৮ একর ভূমি অধিগ্রহণে খরচ হবে এক হাজার কোটি টাকা। এছাড়া অন্যান্য খরচতো আছেই।’

সংশোধিত এ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ভারত সরকার ঋণ সহায়তা হিসেবে ২৩৭১ কোটি টাকা দেবে। বাকি ১৪৩০ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে। বাংলাদেশ রেলওয়ে এ প্রকল্পটি ২০১৮ সালের জুন নাগাদ সম্পন্ন হবে বলে জানান তিনি।

এসএ/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।