শিগগিরই হচ্ছে তিস্তা চুক্তি : রাজনাথ সিং
খুব শিগগিরই তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চূড়ান্ত চুক্তি করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। একই সঙ্গে চুক্তির শর্তগুলো বাস্তবায়নের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারও সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজনাথ সিংয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আইবিএন এ তথ্য জানায়।
উল্লেখ্য, আগামী জুনে মাসে একদিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরকালে দুই দেশের আলোচনায় তিস্তার পানি বণ্টন চুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং যোগাযোগ বৃদ্ধির বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই তিস্তা চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপড়েন চলে আসছে। তবে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন নরেন্দ্র মোদি। ইতোমধ্যেই চুক্তি প্রণয়ন ও তা বাস্তবায়নের ব্যাপারে একমত হতে দুই দেশই অনেকদূর অগ্রসর হয়েছে বলে সরকারের উচ্চস্তরের সূত্রগুলো জানিয়েছে।
তবে তিস্তা চুক্তির প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত তার প্রবল বাধাতেই আলোর মুখ দেখছে না তিস্তা চুক্তি। এ পরিস্থিতিতে রাজনাথ সিংয়ের মঙ্গলবারের ঘোষণা তিস্তা চুক্তি হওয়ার ব্যাপারে ভারতের তরফে ইতিবাচক বার্তা বলে মনে করা হচ্ছে।
বিএ/পিআর