বিরোধী দল সংসদীয় সব কার্যক্রমে অংশ নিচ্ছে : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিরোধী দল জাতীয় পার্টি সংসদীয় সকল কার্যক্রমে অংশ নিচ্ছে। বাংলাদেশে নিযুক্ত জাতিসঙ্ঘের (ইউএন) আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিনস মঙ্গলবার দুপুরে স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি।
এসময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার ইউএন আবাসিক সমন্বয়কারীকে সংসদ, সংসদীয় রীতি-পদ্ধতি, আইন প্রণয়ন, কমিটি ব্যবস্থা ও বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এছাড়াও তারা ঢাকাসহ সমগ্র বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় স্পিকার আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ সব সময় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশুমৃত্যু হার হ্রাস, নারী শিক্ষার উন্নয়ন, জেন্ডার সমতা, নারীর রাজনৈতিক নেতৃত্ব, সিভিল সার্ভিসসহ সকল কর্মক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
ইউএন আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে ইউএন এর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এইচএস/বিএ/পিআর