জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৬ মে ২০১৫
ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সকল রাষ্ট্রকে সমন্বিতভাবে সর্বশক্তি নিয়োগ করে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু । প্যারিসে দু’দিনব্যাপী অনুষ্ঠিত বিজনেস এন্ড ক্লাইমেট সামিটে দেয়া বক্তৃতায় এ কথা বলেন। মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে খাপ খাইয়ে চলতে পারলেও জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বব্যাপী যে সচেতনতা তৈরী হয়েছে তা থেকে বাংলাদেশের মানুষ আরো ভালোভাবে এ সমস্যা মোকাবেলা করতে পারবে।

মঞ্জু বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে এমন একটি সমাজ তৈরি করেছে যেখানে তারা স্বভাবজাতভাবেই বন্যা এবং ঘূর্ণিঝড়ের সাথে খাপ খাইয়ে চলতে পারে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাকে বাংলাদেশ অনেক গুরুত্বের সাথে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি এখন শুধু পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একার বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশনায় বিভিন্ন মন্ত্রণালয় এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ নিজস্ব অর্থায়নে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু ক্ষেত্রে দাতাদের অর্থায়ন কম থাকা এবং অর্থ ছাড় করাতে গিয়ে দীর্ঘ সূত্রিতা দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।