কৃষি কর্মে নারীদের ভূমিকাই প্রধান : চুমকি


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৬ মে ২০১৫

বাংলাদেশের কৃষি এখনও প্রাতিষ্ঠানিকতা পায়নি উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন এদেশের কৃষি পরিবারকেন্দ্রিক আর প্রতিটি পরিবারে কৃষি কর্মে নারীদের ভূমিকাই প্রধান।

মঙ্গলবার রাজধানীর গুলশানের ইমানুয়েল বানকুয়েট হলে ফিড দি ফিউচার বাংলাদেশ উইমেন্স এম্পাওয়ারমেন্ট একটিভিটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

মেহের আফরোজ বলেন, আগামী ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় নয় বিলিয়ন। খাদ্যের উৎপাদন বাড়াতে হবে প্রায় ৬০ শতাংশ। এই বিপুল পরিমাণ খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হলে নারীদেরকে ক্ষমতায়নের কোন বিকল্প নেই। কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও গবেষণা জোরদার করা জরুরি।

ফিড দি ফিউচার বাংলাদেশ উইমেন্স এম্পাওয়ারমেন্ট একটিভিটি’র ডেপুটি চীফ মিজ নিলুফার সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন উইনরক ইন্টারনেশনালের ডাইরেক্টর মারথা সালডিনজার, ফিড দি ফিউচার বাংলাদেশের চীফ জায়নব আক্তার ও ঢাকা আহসানীয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।