রাষ্ট্রপতির কাছে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তথ্য কমিশন (আইসি)’এর বার্ষিক প্রতিবেদন-২০১৪ পেশ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, মঙ্গলবার প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনটি পেশ করেন।
বৈঠককালে প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রপতিকে জানান, সারাদেশে নিয়োজিত ২১ হাজার কর্মকর্তা জনগণকে তথ্য প্রদান করছেন। এখন পর্যন্ত ৬৯ হাজার বিভিন্ন ধরনের তথ্য জনগণকে সরবরাহ করা হয়েছে এবং জনগণকে তথ্য না দেয়া সংক্রান্ত ৯২০টি অভিযোগের মিমাংসা করা হয়েছে বলেও প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি তথ্য অধিকার আইন (আরটিআই) সম্পর্কে জনগণকে সজাগ করার ওপর গুরুত্বারোপ করে লক্ষ্য অর্জনে নতুন উদ্যমে কাজ করার জন্য তথ্য কমিশনের প্রতি আহ্বান জানান।
এসকেডি/আরআইপি