বার্নিকাটের প্রিয় খাবার ইলিশ
ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট দায়িত্ব নেয়ার পর বাঙালি খাবারে অভ্যস্ত হয়ে পড়েছেন। তিনি এতটাই অভ্যস্ত হয়েছেন যে তার প্রিয় খাবরের তালিকায় শীর্ষে রয়েছে ইলিশ।
মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে প্রথমবারের প্রশ্নোত্তর সেশনে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। সেখানে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে তার নিজের পছন্দ এবং ভাল লাগার বিভিন্ন বিষয় শেয়ার করেন।
বার্নিকাট জানান, ইলিশ মাছ তার পছন্দের খাদ্য তালিকায় শীর্ষে যুক্ত হয়েছে। গত রাতেও ইলিশ ভাঁজা খেয়েছেন তিনি। এখানকার মৌসুমি ফলগুলো খুবই সুস্বাদু। তিনি এরই মধ্যে অনেকগুলো লিচু খেয়েছেন। এটিও তার খুব ভাল লেগেছে।
আমের মৌসুম শুরু হওয়ায় হয়তো আর কয়েকদিনের মধ্যে রাজশাহীর সুস্বাদু আম শিগগির বাজারে আসবে। বার্নিকাট সেই অপেক্ষাতেও রয়েছেন বলে জানিয়েছেন। পেশাদার ওই নারী কূটনীতিক ক্রিকেট পছন্দ করেন, তিনি নিজেও খেলেন। ঢাকায় এসে খেলেছেন এমন ছবি মিডিয়ায় এসেছে। সিসিমপুরের হালুম, টুকটুকির সঙ্গে তার সময় কাটানোর বিষয়টি রাষ্ট্রদূত নিজেই শেয়ার করেন। এসব যে তিনি খুব ভাল ভাবেই উপভোগ করেছেন তা তার বলার আগ্রহ দেখেই বোঝা যায়।
সবশেষে বাংলাদেশের মানুষের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করে বার্নিকাট বলেছেন, এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক আর প্রাণখোলা। বাংলাদেশে থাকতে চলতে-ফিরতে ‘নিজের বাড়ি’র মতোই মনে হচ্ছে তার। বাংলাদেশের সঙ্গে কাজ করার অনেক কিছু রয়েছে বলে মন্তব্য করেন মার্কিন দূত।
জেআর/এমএস