দুদকের ইমেজের ওপর সরকারের ইমেজ নির্ভর করে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দিয়ে বলেছেন, দুদকের ইমেজের ওপর সরকারের ইমেজ নির্ভর করে।
বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের দুদক প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন ২০১৪ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
এ সময় দুদককে কোন মামলা দায়ের করার আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করারও পরামর্শ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। রাষ্ট্রপতির সঙ্গে দুদক প্রতিনিধি দলের বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এসব কথা জানান।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি দুর্নীতি দমন কাজে নিয়োজিত প্রতিষ্ঠানটির ইমেজ উজ্জ্বল করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
এ সময় প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা বলেন, প্রতিটি জেলায় অফিস খোলার জন্য কমিশন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি ৫ জেলায় পাইলট প্রকল্প হিসেবে গণশুনানি অনুষ্ঠানের জন্যও পদক্ষেপ নিয়েছে কমিশন। এছাড়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য দুদক আইন-২০১৩ সংশোধনেরও উদ্যোগ গ্রহণ করেছে বলেও রাষ্ট্রপতিকে জানান তারা।
আরএস/আরআই