গুলশান লেকপার্ক ও সড়কে পরিচ্ছন্নতা অভিযানে শিশু-কিশোররা
পরিচ্ছন্ন নগরী এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর গুলশান সোসাইটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে গুলশান-২ এলাকায় অবস্থিত লেকপার্ক এবং পাশের সড়কে এই অভিযান চালানো হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। এ সময় শিশু-কিশোরদের অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনের মূল উদ্যোক্তা গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, এ ধরনের কার্যক্রমে শিশু-কিশোরদের অংশগ্রহণ তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও স্বনির্ভরতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি রাষ্ট্র ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধসহ দেশপ্রেম জাগ্রত করবে।
তিনি আরও বলেন, এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার ফলে দেখা যাবে এসব শিশু-কিশোর ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রেও সচেতন হবে।
ওমর সাদাত বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক সচেতনতা তৈরি করা। এই কর্মসূচি দেখে অন্যরা যদি সচেতন হয় এবং নিজ নিজ এলাকায় এ ধরনের উদ্যোগ নেয় তাহলেই এই প্রচেষ্টা সফল হবে।
এমএমএ/এমএমকে