মুক্তিযোদ্ধা মুক্তিমান বড়ুয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ পিএম, ০৯ জুলাই ২০১৯

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পটিয়া উপজেলার সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুক্তিমান বড়ুয়া (৭৪) আর নেই। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে তিনি মারা যান। বুধবার বেলা আড়াইটায় পটিয়া উপজেলার পাঁচরিয়া গ্রামের বাড়িতে তার শেষকৃত্য হবে।

মুক্তিযোদ্ধা মুক্তিমান বড়ুয়া দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক স্ত্রীসহ আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের পটিয়া থানার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ রেলওয়ে হেড কোয়ার্টার শাখার সাবেক সহ-সভাপতিসহ বহু সমাজ কর্ম, সামাজিক প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

তিনি আমৃত্যু বাম প্রগতিশীল আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত থেকে শ্রমজীবী, কর্মজীবী মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। বিপ্লবী এই নেতা ১৯৪৫ সালে ১৫ নভেম্বর পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকনাই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মুক্তিমান বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্য প্রমুখ।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।