বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৫ অক্টোবর ২০২১
ফাইল ছবি

অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের আগে থেকেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অবস্থান দেখা যায়। নামাজের পরও তাদের সতর্কাবস্থানে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররমের অদূরে পল্টন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। বায়তুল মোকাররমের উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র‌্যাব ও বিজিবির সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরানা পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

এদিকে এই নিরাপত্তা বলয়ের মধ্যে জুমার নামাজের পর মিছিল করেছেন মুসল্লিরা। পুলিশ তাদের বায়তুল মোকাররম থেকে পল্টনের নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেও মুসল্লিরা কাকরাইল মোড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

পরে মিছিলকারীরা বিজয়নগর, নাইটিংগেল মোড়, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

কুমিল্লায় গত ১৩ অক্টোবর সকালে একটি খবর ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে সারাদেশেই বিজিবি মোতায়েন রয়েছে। শুক্রবার জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে বায়তুল মোকাররম এলাকাকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

এনএইচ/বিএ/এইচএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।