‘বেবি অব বিউটি’ মারা গেছে


প্রকাশিত: ১১:২৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

জন্মের পরেই ভবন থেকে নিচে ফেলে দেওয়া নবজাতক ‘বেবি অব বিউটি’ মারা গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফলে শিশুটির মৃত্যু হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সকালে রমনার বেইলি রোডের পিঠাঘর-সংলগ্ন একটি বাসার চারতলা থেকে সদ্য ভূমিষ্ঠ ওই ছেলে নবজাতকটিকে ফেলে দেন মা বিউটি।

তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করে।

এর দুই দিন পর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে (ওয়ার্ড নম্বর-২১১)। নাম দেয়া হয় ‘বেবি অব বিউটি’।

রমনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মশিউর রহমান জানান, ঘটনাটির পর রমনা থানায় একটি মামলা হয়। শিশুর মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন।

জেইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।