চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আকাশ হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার নাজমুল হুদা (১৯) কুড়িগ্রাম সদর উপজেলার পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৩ রংপুরের যৌথ অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক কারখানার সামনে আকাশ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, আকাশ ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সন্ত্রাসীরা কারখানার আরেক কর্মচারীকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান। এসময় নাজমুল হুদাসহ ১২-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বাবা বাবুল বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। মামলায় নাজমুল হুদাকে এজাহারভুক্ত আসামি করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার নাজমুল হুদাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এমআইএইচএস