তুহিন মালিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ
রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিককে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক হাসিবুল হক আইনজীবী ড. তুহিন মালিককে আগামী ১৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতে বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হাসান চৌধুরী।
মানহানি, রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে তুহিন মালিকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।
ওই দিন রাষ্ট্রদ্রোহ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পৃথক দুটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। নথি সংক্রান্ত জটিলতার কারণে মানহানির মামলাটির শুনানি হয়নি।
ওই দিন আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল, অর্থ সম্পাদক আশিকুল ইসলাম ও ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নুরে আলম।
মামলার বিবরণীতে বলা হয়, গত ৩০ নভেম্বর লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন অডিটরিয়ামে এক অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে ড. তুহিন মালিক বলেন, সংবিধানে সব মুজিবের কাহিনী ও তার পরিবারের গানাবাজনা জুড়ে দেওয়া হয়েছে। এগুলো যে বাতিল করতে চেষ্টা করবে তার ফাঁসি হয়ে যাবে।
তুহিন মালিক আরো বলেন, সংবিধানে নাস্তিক্যবাদিতা ও ধর্মহীনতা বিষয় জুড়ে দেওয়া হয়েছে। সংবিধানে যা জুড়ে দেওয়া হয়েছে তা কেয়ামত পর্যন্ত কেউ সংশোধন করতে পারবে না।
তিনি আরো বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান, মানুষ সেটা হয়তো বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কীসের জাতির পিতা, কীসের আদর্শ, কীসের চেতনা কিচ্ছুই থাকবে না, ইনশাআল্লাহ!
উল্লিখিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী সশরীরে হাজির হয়ে মামলাগুলো দায়ের করেন।