বেশি দামে ডিম বিক্রি করায় চট্টগ্রামে ৭ দোকানিকে জরিমানা
ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে সাত দোকানিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) নগরীর চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে জে আলম ব্রাদার্স, হালাল শপ, জনপ্রিয় স্টোর ও জিলানী স্টোরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নাসফিকা ট্রেডার্স, আমিন এন্টারপ্রাইজ ও রাজ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা বলেন, বুধবার দুপুরে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়েছে। অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি এবং ক্রয়ের রশিদ যথাযথ সংরক্ষণ না করায় ৭ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইকবাল হোসেন/কেএসআর/জিকেএস