জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে জমা হয়েছে ৩ হাজার কোটি টাকা


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২০ মার্চ ২০১৬

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে এ পর্যন্ত ৩ হাজার কোটি টাকা জমা হয়েছে এবং এই ফান্ডের আওতায় বর্তমানে ৩৯৭টি প্রকল্প চলমান রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।

রোববার পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হাছান মাহমুদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে ট্রাস্ট ফান্ডের প্রকল্প কার্যক্রম মনিটরিং ব্যবস্থা আরো জোরদারের সুপারিশ করে সংসদীয় কমিটি। এছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্টফান্ডের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহনের সুপারিশ করা হয়।

আর সুন্দরবনের শ্যালা নদীতে দ্বিতীয়বার কয়লাবাহী জাহাজ ভুবির প্রেক্ষিতে মংলা ঘষিয়াখালী চ্যানেল চালু করার মাধ্যমে শ্যালা নদীতে নৌ চলাচল স্থায়ীভাবে বন্ধ করার সুপারিশ করা হয়।

বৈঠকে বিভিন্ন স্থানে পাহাড় কাটা ও কর্ণফুলী নদীতে দূষণ সংক্রান্ত, জলবায়ু তহবিল ও প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত আলোচনা করা হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব পদে নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব হয়েছে কি না সে বিষয়ে আলোচনা হয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটির সদস্য টিপু সুলতানকে আহ্বায়ক করে এবং মো. ইয়াহ্ইয়া চৌধুরী ও মেরিনা রহমানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান অংশ নেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।  

এইচএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।